খেলাধুলা ডেস্ক: : লাঞ্চ থেকে ফিরে দ্রুত ১০০ রান পেরিয়ে গেল বাংলাদেশ। তারপরই জোড়া ধাক্কায় পড়ে গেল চাপে। মুমিনুল হক (২৭) আউট। ৫ রান পর আউট মাহমুদ উল্লাহ (১৭)। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিকরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে বাংলাদেশ ১৩০/৪। ব্যাট করছেন সাকিব আল হাসান (১৯) ও মুশফিকুর রহিম (৪)। ফিরে গেছেন মাহমুদউল্লাহ (১৭), মুমিনুল হক (২৭), ইমরুল কায়েস (৪৩), তামিম ইকবাল (৯)।
২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ৯ ওভারে দুজন স্কোরবোর্ডে যোগ করেন ৩৪ রান। দশম ওভারে ভাঙে ৩৫ রানের উদ্বোধনী জুটি। প্রথম ইনিংসে ৭৮ রানের ইনিংস খেলা তামিম আউট হন মঈন আলীর বলে শর্ট লেগে গ্যারি ব্যালান্সকে ক্যাচ দিয়ে।
এরপর মুমিনুলকে সঙ্গে নিয়ে ইংলিশ বোলারদের ভালোই সামাল দিচ্ছিলেন ইমরুল। দুজন সচল রাখছিলেন রানের চাকাও। কিন্তু ২১তম ওভারে দলীয় ৮১ রানে আদিল রশিদের বলে জো রুটকে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল। ৬১ বলে ৬টি চারে তার ব্যাট থেকে আসে ৪৩ রান।
এরপর মুমিনুল-মাহমুদউল্লাহ লাঞ্চের আগে আর কোনো উইকেট পড়তে দেননি। কিন্তু লাঞ্চ থেকে ফিরে গ্যারেথ ব্যাটির পরপর দুই ওভারে দুজনই সাজঘরে ফিরে গেলে চাপে পড়ে যায় স্বাগতিকরা।
মুমিনুলের আউটটি ছিল দুর্ভাগ্যজনক। ইংল্যান্ডের খেলোয়াড়েরা আবেদন করেছিলেন ক্যাচের, তাতে সাড়া দেননি আম্পায়ার কুমার ধর্মসেনা। রিভিউ নেয় ইংল্যান্ড। রিপ্লেতে দেখা যায়, মুমিনুলে ব্যাট স্পর্শ করেনি ব্যাটির বল। কিন্তু ক্যাচ না হলেও এলবিডব্লিউ হয়ে যান মুমিনুল (৪৭ বলে ২৭)।
ব্যাটির পরের ওভারে মাহমুদউল্লাহও ফিরে যান এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি মাহমুদউল্লাহ (৩৬ বলে ১৭)। তখন ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ চাপে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের ৮ উইকেটে ২২৮ রান নিয়ে রবিবার চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। তবে এদিন ২০ মিনিটের মধ্যে ১২ রানে ইংল্যান্ডের শেষ ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ।
চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন স্টুয়ার্ট ব্রড। আর শেষ ব্যাটসম্যান হিসেবে বাটিকে তাইজুল এল বি ডব্লিউয়ের ফাঁদে ফেললে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৬।
আজ রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ২২৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪৫ রানে এগিয়ে থাকা অতিথিদের লিড তখন ২৭৩।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস : ১০৫.৫ ওভারে ২৯৩ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২, রুট ৪০, ওকস ৩৬; মিরাজ ৬/৮০, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭)।
বাংলাদেশ প্রথম ইনিংস : ৮৬ ওভারে ২৪৮ (তামিম ৭৮, মুশফিক ৪৮, মাহমুদউল্লাহ ৩৮, সাকিব ৩১, ইমরুল ২১, সাব্বির ১৯; স্টোকস ৪/২৬, মঈন ৩/৭৫, রশিদ ২/৫৮, ব্যাটি ১/৫১)।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : ৮০.২ ওভারে ২৪০ (স্টোকস ৮৫, বেয়ারস্টো ৪৭, ওকস ১৯*; সাকিব ৫/৮৫, তাইজুল ২/৪১, রাব্বি ১/২৪ মিরাজ ১/৫৮)।