• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

‘এরশাদের মামলা প্রত্যাহারের দায়িত্ব আমার’

রওশনসিসি ডেস্ক: বিক্ষুব্ধ কর্মীদের তোপের মুখে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মামলা প্রত্যাহারের দায়িত্ব নিলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, কথা দিলাম, চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের দায়িত্ব আমার। এর জন্য যা যা করা দরকার, আমি তা করব।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাপার যৌথ সভায় রওশন এরশাদ এ কথা বলেন।

যৌথ সভায় বক্তব্য দিতে শুরু করলে উপস্থিত নেতা-কর্মীদের অনেকে উচ্চ স্বরে রওশনকে এরশাদের বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহারের বিষয়ে বক্তব্য দিতে বলেন। কিন্তু রওশন সেদিকে দৃষ্টি না দিলে বিক্ষুব্ধ কর্মীরা এরশাদের মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় কয়েকজন কর্মীকে উচ্চ স্বরে বলতে শোনা যায়, জাতীয় পার্টির নাম করে এমপি হবেন, সরকারি সুবিধা নেবেন, অথচ এরশাদের মামলার বিষয়ে চুপ থাকবেন, তা হবে না, তা হবে না।

এইচ এম এরশাদের বিরুদ্ধে মঞ্জুর হত্যা মামলা এবং বিমানের রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলা বিচারাধীন রয়েছে।

এ পর্যায়ে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার মাইক হাতে নিয়ে নেতা-কর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ম্যাডামের কথা আপনারা শুনুন। উনি সংসদে স্যারের মামলা প্রত্যাহারের বিষয়টি তুলবেন।

এরপর রওশন এরশাদ কর্মীদের উদ্দেশে বলেন, তোমাদের আবেগ, দুঃখ আমি বুঝি। আমি ওনার মামলা প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রীকে না হলেও ১০০ বার বলেছি। জবাবে প্রধানমন্ত্রী প্রত্যাহার করব করব বলেন। তোমরা তোমাদের নেতার জন্য কষ্ট পাও, কিন্তু তিনি তো আমার স্বামী। তার কষ্ট আমার চেয়ে আর কে বেশি বুঝবে।

পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, তোমাদের ভালোবাসায় আজ আমি মুগ্ধ। আমার জীবন স্বার্থক।

এইচ এম এরশাদের বিরুদ্ধে করা বিমানের রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগপত্রে বাকী সাক্ষীদের সাক্ষ্য নেয়ার অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুই বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। ৩১ মার্চের মধ্যে এ মামলার বিচারকাজ শেষ করতেও বলেছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ