সিসি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এতিমদের টাকা মেরে রাজনীতি কীভাবে করেন, মানুষকে কীভাবে চেহারা দেখান! মঙ্গলবার জাপা ঘোষিত ‘সংবিধান সংরক্ষণ দিবস’ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় সভায় এসব কথা বলেন এরশাদ।
এরশাদ বলেন, পত্রিকায় দেখলাম একজন (খালেদা জিয়া) বলেছেন-বাকশাল-স্বৈরাচার মিলে দেশ ধ্বংস করে দিচ্ছে। আপনি ক্ষমতায় গিয়ে ১৫ জন কৃষককে মেরেছিলেন। কানসাটে মানুষ মেরেছেন, কারণ তারা বিদ্যুৎ চেয়েছিল। এতিমদের টাকাও আত্মসাৎ করেছেন। এতিমদের টাকা মেরে রাজনীতি কীভাবে করেন, মানুষকে কীভাবে চেহারা দেখান! লজ্জা করে না?
১৯৯০ সালের ৬ ডিসেম্বর ‘তিন জোটের’ আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন রাষ্ট্রপতি এরশাদ। দিনটি অন্যান্য রাজনৈতিক দল ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে পালন করে। আর জাপা পালন করে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ নামে।
সামরিক আইন জারি করে ক্ষমতায় আসা এরশাদ দাবি করেন, তার শাসন অসাংবিধানিক ছিল না। তিনি বলেন, প্রেসিডেন্ট সাত্তার আমাকে নয়, সামরিক বাহিনীকে ক্ষমতা দিয়েছিলেন। বাহিনীর প্রধান ছিলাম, তাই আমার কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। ক্ষমতা দখল এবং ক্ষমতা হস্তান্তর এক নয়।
এরশাদ বলেন, যারা আমার পদত্যাগ দাবি করেছিলেন, কীভাবে পদত্যাগ করব, কার কাছে ক্ষমতা হস্তান্তর করব-তার কোনো রূপরেখা তারা দেননি। আমিই বিচারপতি শাহাবুদ্দিনকে উপরাষ্ট্রপতি করেছিলাম। তাকে শপথও করিয়েছিলাম। তারপর তার কাছে সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলাম। কিন্তু তিনি বেঈমানি করেছিলেন। আমাকে জেলে দিয়েছিলেন, দলের কর্মী-সমর্থকদের হয়রানি করেছিলেন। আমাদের নির্বাচন করতে দিতে চাননি।