ঢাকা : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে সদ্য বিজয়ী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।
অনুষ্ঠানে সেলিনা হায়াৎ আইভী তার বিজয়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেন। একই সঙ্গে নারায়ণগঞ্জের উন্নয়নে বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সেটা পূরণের আশ্বাস দেন।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ডা. সেলিনা হায়াৎ আইভী বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে বিশাল ব্যবধানে পরাজিত করেন। মোট ১৭৪ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এতে আইভী পান ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট আর সাখাওয়াত পান ৯৬ হাজার ৪৪ ভোট।
এনিয়ে মোট দু’বার মেয়র নির্বাচিত হলেন আইভী। গত ২০১১ সালের ৩০ অক্টোবর প্রথম সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী।