ঢাকা: দেশবরেণ্য সংসদ সদস্য, সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্ষীয়ান আওয়ামী লীগ সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে তিনি এই শ্রদ্ধা জানান।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মির্জা ফখরুল ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রয়াত আওয়ামী লীগ নেতার প্রতি। এ সময় বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীও উপস্থিত ছিলেন।
সুরঞ্জিতের কফিনে শ্রদ্ধা নিবেদন শেষে বর্ষীয়ান রাজনীতিকের কর্মময় জীবন ও তার অবদানের স্মৃতিচারণ করে ফখরুল বলেন, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো দেশের।
এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের মানববন্ধনে সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, “আমি তার আত্মার শান্তি কামনা করছি।”
রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান সুরঞ্জিত সেনগুপ্তের। সেখান থেকে সকালে তার মরদেহ নেয়া হয় জিগাতলায় নিজ বাসভবনে। তার বাসায় স্পিকার শিরীন শারমীন চৌধুরীসহ সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানান।
দুপুর ১২টার দিকে প্রয়াত এই নেতার মরদেহ রাখা হয় ঢাকেশ্বরী মন্দিরে। এখান থেকে দুপুর তিনটায় সুরঞ্জিতকে নেয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ রাখা হবে হাসপাতাল মর্গে।
সোমবার বেলা ১১টায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নিজ জেলা সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে। এ দিন দুপুর ১টায় তার নির্বাচনী এলাকা শাল্লা এবং বিকাল ৩টায় দিরাই উপজেলায় সাধারণ মানুষ তাদের নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। দিরাইয়ে তার শেষকৃত্য হবে। শেষকৃত্যের আগে মুক্তিযোদ্ধা সুরঞ্জিতকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে।