ঢাকা : যুব মহিলা লীগের সম্মেলনে পুনরায় নাজমা আক্তার সভাপতি ও অপু উকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার (১১ মার্চ) বিকেলে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করারজন্য নির্দেশ দেন তিনি।
সম্মেলনের প্রথম অধিবেশনের প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সম্মলেনে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবিনা আক্তার তুহিন ও সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন ঝুমা ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন।
যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৪ সালের ৫ মার্চ। ওই সম্মেলনে নাজমা আক্তার সভাপতি ও অপু উকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এক যুগ পরে সম্মেলন অনুষ্ঠিত হলেও পুরনো নেতৃত্বই বেছে নিল যুব মহিলা লীগ।