সিসি ডেস্ক: রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন ও দলীয় প্রতীক বাতিলের পরও রাজনীতিতে সক্রিয় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রকাশ্যে ও সরাসরি মিটিং, মিছিল এবং বৈঠক করতে না পারলেও দলটির পক্ষ থেকে ভিন্ন কৌশল অবলম্বন করে আগামী নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিয়েই এগুচ্ছে বলে জানিয়েছে জামায়াতের নির্ভরযোগ্য সূত্র।
জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে রাখার ৬ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল ১৯ সেপ্টেম্বর। পুলিশ সারাবছর ধরে কার্যালয় ঘেরাও করে রাখলেও আমাদের কার্যক্রম বন্ধ নেই।
সূত্র জানিয়েছে, তথ্য প্রযুক্তির ব্যবহার করে দলীয় নেতাকর্মীদের মধ্যে নিয়মিত মিটিং হচ্ছে। এক্ষেত্রে ভাইভার, হোয়াটস আপ, ম্যাসেঞ্জারসহ আরো কয়েকটি এ্যাপলিকেশন ব্যবহার করছে। সেক্ষেত্রে তারা কনফারেন্সের মাধ্যমে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জামায়াতের একজন শীর্ষ নেতা যিনি সাবেক ছাত্র শিবিরের সভাপতি ছিলেন তিনি বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজ চলছে। এমনকি প্রার্থীও চূড়ান্ত করা হয়েছে। বিএনপি জোটের সঙ্গে নির্বাচনে না গেলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে কমপক্ষে ৫০টি আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
পূর্বপশ্চিম