চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর খানসামা উপজেলার ভাবকি ইউনিয়ন যুবলীগের সকল কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার ভাবকি ইউনিয়ন আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভায় এই সাংগঠনিক সিন্ধান্তের কথা জানিয়েছেন খানসামা উপজেলা যুবলীগের আহবায়ক মো: আবুল কালাম আজাদ।
জানাগেছে, গত ১৪ই সেপ্টেম্বর ভাবকি ইউনিয়ন যুবলীগের সভাপতি সবুজের নিজ কার্যালয় থেকে সবুজের বাবা আলহাজ্ব বছির উদ্দিন ও এলাকাবাসীর সহায়তায় পুলিশ ওই নেতার প্রতিষ্ঠান থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে রফিকুল ইসলাম সবুজের নামে একটি মামলা দায়ের করে। পরে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সবুজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় পর গতকাল শনিবার বিকাল ৪টায় কাচিনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাবকি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ্ আব্দুর জব্বার, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, সাংগঠনিক সম্পাদক ও ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আক্তার হোসেন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আজিজুর ইসলাম শাহ্, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সামসুর রহমান পারভেজ, খানসামা উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ধীমান চন্দ্র দাস, যুবলীগ নেতা প্রভাষক হাজ্জাজ-আল-হাদী প্রমূখ।
এ ব্যাপারে খানসামা উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ জানান, ভাবকি ইউনিয়নের যুবলীগের সভাপতি সবুজ মাদক ব্যবসায় জড়িতো থাকায় সাংগঠনিক ভাবেই যুবলীগের সকল কার্যক্রম স্থগিত করার সিন্ধান্ত নেয়া হয়েছে।