সিসি ডেস্ক: নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ভোটের আগে সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকার গঠন ও বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনসহ ২০ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি। প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এসব প্রস্তাবে ইসির আলোচনার আশ্বাসে আশার আলো দেখছেন তারা।
নির্বাচনি সংলাপে যোগ দিতে বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের অফিসে আসে বিএনপির ১৬ সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় নির্বাচন কমিশনের কাছে, ২০ দফা প্রস্তাব উত্থাপন করে বিএনপি। এর মধ্যে রয়েছে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন, বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন, সীমানা পুনর্নির্ধারণ, সবার জন্য সমান সুযোগ তৈরিসহ নানা বিষয়।
প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে, সংলাপের বিষয়ে আশার কথা জানান বিএনপি মহাসচিব। তিনি আরো জানান, নির্বাচন কমিশন মনে করছে দেশে গণতন্ত্রের প্রকৃত রূপ এখন নেই। তারপরও বিএনপির প্রস্তাব নিয়ে আলোচনা করবেন তারা।
পাশাপাশি, এ সংলাপ শুধুমাত্র আনুষ্ঠানিতার জন্য হবে না বলেও আশা করছে বিএনপি।