শরীফুল ইসলাম,চাঁদপুর: চাঁদপুর শহরের প্রতাপসাহা রোডের একটি ভবনে গোপন বৈঠক থেকে ৭ মহিলাসহ ১১ জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টায় ওই রোডের ৪১৫নং হোল্ডিং এর ভবনের দ্বিতীয় তলায় নারী ও পুরুষ জামায়াত নেতা-কর্মীরা বৈঠকে বসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেন। চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, নতুন আলিম পাড়া ওই ভবনের মালিক মোহাম্মদ হোসাইন। তিনিও জামায়াত নেতা এবং শহরের আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষক।
আটকরা হচ্ছেন, কুমিল্লা রেডক্রস এলাকার হিজর আলীর ছেলে কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ (৫০), চাঁদপুরের কচুয়া উপজেলার বিতাড়া গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মাসুদুল ইসলাম (৩৬), বাড়ির মালিক মোহাম্মদ হোসাইন (২৭), চাঁদপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী (৫৫)। মহিলা জামায়াতের কর্মীরা হচ্ছেন: ফেরদৌসী সুলতানা (৪৫), কুলসুমা আক্তার (৪০), ফারহানা আক্তার (৩৫), তাছলিমা বেগম (৩৭), শাহীনা আক্তার (৪৭), মনোয়ারা বেগম (৫৫) ও তাহমিনা খাতুন (৩১)। পুলিশ মহিলা জামায়াত কর্মীদের নাম দিলেও ঠিকানা দেননি।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্যাহ ওলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে বৈঠক থেকে আটক করা হয়। তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। ওই বৈঠক থেকে জামায়াতের সাংগঠনিক কিছু বই উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই বাচাই শেষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।