• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |

কৃষক লীগে কৃষক নেই

সিসি ডেস্ক, ১০ নভেম্বর: কৃষকদের সংগঠিত করার কোনো কর্মসূচি নেই কৃষক লীগে। কৃষকদের জন্য সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারেও নেই কৃষক লীগ। কর্মীবাহিনী ছাড়া এ সংগঠনটি হয়ে পড়ছে একরকম সাইনবোর্ড সর্বস্ব। কেন্দ্রীয় কার্যালয়েও নেতাকর্মীদের উপস্থিতি খুব একটা চোখে পড়ে না। মূলদল আওয়ামী লীগের দিবসভিত্তিক কর্মসূচি ছাড়া নেই তেমন কোনো সাংগঠনিক তৎপরতাও। তিন বছরের কমিটি মেয়াদ পার করেছে অনেক আগেই। কিন্তু সম্মেলন আয়োজনে নেই তেমন কোনো প্রস্তুতি।

২০১২ সালের ১৯ জুলাই সর্বশেষ কৃষক লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মোতাহার হোসেন মোল্লা সভাপতি এবং অ্যাডভোকেট শামসুল হক রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মোতাহার হোসেন মোল্লা আগের কমিটির সাধারণ সম্পাদক এবং শামসুল হক রেজা যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। সম্মেলনের সাত মাস পর ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কিন্তু এরপর গঠনতন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিক কোনো বর্ধিত সভা হয়নি। দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে।

সংগঠনের নেতাদের মতে, বিএনপির শাসনামলে সারের দাবিতে মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে অনেক কৃষককে জীবন দিতে হয়। তখন কৃষকদের পক্ষে কৃষক লীগ উল্লেখযোগ্য ভূমিকা রাখে। কিন্তু তার পর থেকে বলার মতো কোনো কর্মসূচি নেই কৃষক লীগের। আওয়ামী লীগ ঘোষিত দিবসভিত্তিক কর্মসূচিগুলো পালন এবং বিভিন্ন ইউনিটের সম্মেলন ও কমিটি ঘোষণা ছাড়া আর কোনো কাজ নেই। এতে সংগঠনের আভ্যন্তরীণ দ্বন্দ্বও প্রকট আকার ধারণ করেছে। সংগঠনের একটি অংশের নেতাদের দাবি, আগে সংগঠনের কেন্দ্রীয় নেতারা নিয়মিতভাবে তৃণমূলে সাংগঠনিক সফরে যেতেন। কিন্তু বর্তমানে এই সফর তো দূরের কথা, সংগঠনের সাধারণ নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতারা যোগাযোগ রাখার প্রয়োজনবোধ করেন না বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে সংগঠনের সাধারণ নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তাছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তৃণমূলে মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোট চাওয়ার নির্দেশনা দিয়েছেন। কৃষক লীগকে সেই নির্দেশনায় সাড়া দিয়ে এখনো পর্যন্ত তেমন কর্মসূচি ঘোষণা করতেও দেখা যায়নি।

এ বিষয়ে কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা বলেন, আমরা সম্মেলনের জন্য প্রস্তুত আছি। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সময় দিলে আমরা যে কোনো সময় সম্মেলন আয়োজনে প্রস্তুত। তিনি বলেন, আমরা ইতোমধ্যে আমাদের ৮০ ভাগ জেলার সম্মেলন শেষ করেছি। বাকিগুলোর সম্মেলনও করছি। আশা করি শিগগিরই এগুলোও শেষ করতে পারবো।

সাংগঠনিক কাজে নিষ্ক্রিয়তার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নিয়মিত তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখি। দলীয় ও সামাজিক কর্মসূচিও পালন করছি। জেলা উপজেলায় সম্মেলন, সমাবেশ করছি। বন্যা, রোহিঙ্গা ইস্যুতে আমরা মাঠে ছিলাম, আছি। ঢাকায় আমাদের সংগঠনের কর্মকাণ্ড সেভাবে ছিল না। সেটাও আমরা করেছি।

মানবকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ