রংপুর, ১২ ডিসেম্বর: রংপুর সিটি নির্বাচনে এখন পর্যন্ত ইসির ভূমিকায় সন্তুষ্ট প্রার্থীদের অনেকেই। তবে বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগ আওয়ামী লীগের প্রতি পক্ষপাতিত্ব করছে কমিশন। কিন্তু অভিযোগ অস্বীকার করে সবার কাছে গ্রহণযোগ্য ভোট আয়োজনের কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার।
রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ মেয়র পদে লড়ছেন ৭ জন। এ ছাড়া সংরক্ষিত আসনের ৬৫ নারী ও ২১২ জন কাউন্সিলর প্রার্থীর প্রতীক না থাকলেও, আছে দলীয় সমর্থন।
সবার ক্ষেত্রে নির্বাচন কমিশন অভিন্ন আচরণ করছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।
তবে অভিযোগ আছে বিএনপি প্রার্থীর। তার দাবি, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টুর প্রতি পক্ষপাতিত্ব করছে ইসি।
তবে ভোটার ও প্রার্থীদের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নানা উদ্যোগের কথা জানালেন রিটার্নিং অফিসার।
এরই মধ্যে প্রিজাইডিং অফিসারসহ সাড়ে ৩ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কাজ শেষ করেছে নির্বাচন কমিশন।