সিসি নিউজ, ৪ জানুয়ারী: পাঁচ জানুয়ারি থেকে নির্বাচনি শো-ডাউনে নামছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন সরকারের সাফল্যের পাশাপাশি আন্দোলনের নামে বিএনপির নাশকতার চিত্র তুলে ধরা হবে। তাদের মতে পাঁচ জানুয়ারি থেকে যথেষ্ট শিক্ষা নিয়েছে বিএনপি। এবার নির্বাচনে অংশ নিয়ে সেই ভুল সংশোধন করবে।
পাঁচ জানুয়ারিকে ঘিরে সরব হয়েছে রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগ ও বিএনপি দিচ্ছে পাল্টাপাল্টি কর্মসূচি।
তবে এবারো রাজনীতির মাঠ দখলে মরিয়া ক্ষমতাসীন দল। ২০১৪ সালের পর থেকে পাঁচ জানুয়ারিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদযাপন করে আসছে দলটি।
এবার সারাদেশে সমাবেশ ও বিজয় র্যালী করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া রাজধানীর গুলশান ও বঙ্গবন্ধু এভিনিউতে আলাদা সমাবেশ থাকছে। সেখানে অংশ নেবেন বিএনপির নাশকতায় হতাহত পরিবারের সদস্যরা।
বিএনপিকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। তাদের হুঁশিয়ারি, আসছে সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে কঠোর হাতে দমন করা হবে।