সিসি ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আট ফেব্রুয়ারি। এর আগে হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করতে কাল সিলেট যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলীয় প্রধানের এ সফর আগামী জাতীয় নির্বাচনে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফর ঘিরে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা। নির্বাচনের বছরের শুরুতে দলীয় প্রধানের এই সফর দলকে আরো সংগঠিত করবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।
সকালে রওনা হয়ে বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করবেন খালেদা জিয়া। এরপর স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে সিলেট সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন বিএনপি চেয়ারপারসন। মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
গত নির্বাচনে অংশ না নিলেও, নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনের সবকটিতেই আওয়ামী লীগের কাছে পরাজিত হয় বিএনপি। এবারের নির্বাচনে আসনগুলো পুনরুদ্ধার করতে চায় নেতারা।
সবশেষ ২০১৩ সালের ৫ অক্টোবর সিলেট সফর করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।