ঢাকা, ৮ ফেব্রুয়ারী: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আদালতের রায়ের প্রতি আমি এবং আবার দল সবসময়ই শ্রদ্ধাশীল। আদালতের রায়ের বিরুদ্ধে মন্তব্য করার অবকাশ কারোই নেই।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছেন সে রায়কেও আমি সম্মান জানাই।
বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ডের প্রতিক্রিয়ায় হুসেইন মুহম্মদ এরশাদ তার রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়ের বরাতে একথা বলেন।
এরশাদ আরো বলেন, আমার বিরুদ্ধেও অনেক মিথ্যা মামলা হয়েছে। অনেক অবিচার হয়েছে। আমি ব্যথিত হয়েছি। কিন্তু আদালতের রায়কে অসম্মান করিনি। আদালত রায় মেনে নিয়ে আইনি মোকাবেলা করে উচ্চ আদালতে ন্যায়বিচার পেয়েছি। বিএনপি চেয়ারপারসনও উচ্চ আদালতে আইনি প্রক্রিয়ায় তা মোকাবেলা করবেন বলে আমি মনে করি।