ঢাকা, ১০ ফেব্রুয়ারী: খালেদা জিয়াকে নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। একজন সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে কারাগারে রাখাকে মানবাধিকার লঙ্ঘন ও আইনের পরিপন্থি বলেও দাবি করেন মওদুদ।
শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলনে মওদুদ বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া বিএনপির জন্য টার্নিং পয়েন্ট হবে। খালেদা জিয়ার কারাদণ্ড ও দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় আটকের প্রতিবাদে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দেশের সব জেলা বারে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে।