বিশেষ প্রতিনিধি, ২৯ মার্চ: নীলফামারী জেলার আওতায় বাংলাদেশ ছাত্রলীগের দুটি ইউনিট বিলুপ্ত ঘোষণা করেছে নীলফামারী জেলা ছাত্রলীগ। বিলুপ্ত হওয়া ইউনিট দুটো হলো নীলফামারী সরকারী কলেজ শাখা ও নীলফামারী পৌর শাখা।
বুধবার রাতে শহরের চৌরঙ্গি মোড়স্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগের জরুরী সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল। সভায় জেলা সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ আপেল জানান, নিদের্শনা অমান্য, সাংগঠনিক দুর্বলতা এছাড়া নিয়ন্ত্রনহীন ভাবে পরিচালিত হওয়ায় দলীয় ভাবে ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছিলো। যার কারণে জরুরী সভা করে ইউনিট দুটো বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এবং স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে দ্রুত ইউনিট দুটিতে কমিটি দেয়া হবে।
প্রসঙ্গত নীলফামারী সরকারী কলেজ ইউনিটে সভাপতি হিসেবে হোসাইন রেজা শামীম ও সাধারণ সম্পাদক হিসেবে জুবায়ের হোসেন প্রামানিক জীম এবং নীলফামারী পৌর কমিটিতে আল শাহরিয়ার শাকিল সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তুষার আহমেদ দায়িত্ব পালন করছিলেন।