সিসি নিউজ, ২০ এপ্রিল: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী নতুন মডেলে ছাত্রলীগকে বিকশিত করার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশন মিলনায়তনের আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সামনে ছাত্রলীগের সম্মেলন রয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সম্মেলনকে ঘিরে ছাত্রলীগকে নিয়ে নতুন করে ভাবছে আওয়ামী লীগ।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগ বলেন আর আওয়ামী লীগ বলেন, কেউ পার পাচ্ছে না। এ বিষয়ে শেখ হাসিনার জিরো টলারেন্স। অপকর্ম করলে কাউকে ছাড় দেয়া হচ্ছে না, হবে না।
ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ নিয়ে আমরা নতুন করে ভাবছি। সংগঠনটির সম্মেলন আছে সামনে। এই সম্মেলনে ছাত্রলীগকে নতুন মডেলে বিকশিত করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে উল্লেখ করে কাদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আর মাত্র ৫-৬ মাস বাকি। নির্বাচন হবে সংবিধানর অনুযায়ী। আমি পরিষ্কার বলে দিতে চাই, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এক বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেবরা যে গণঅভ্যুত্থানের কথা বলছেন সে পরিস্থিতি এখন দেশে নেই, সেটা তারা করতে পারবেনও না। গত নয় বছরেও তারা অনেক হুমকি দিয়েছেন, পারেননি।
সেমিনারে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির নেতারা উপস্থিত ছিলেন।