সিসি নিউজ ডেস্ক ।। আওয়ামী লীগ এমনি এমনি ক্ষমতা দেবে না। মেধা ও প্রজ্ঞার লড়াইয়ের মাধ্যমে তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনে জয়ী হতে পারবে না জেনেই ক্ষমতাসীনরা নির্বাচন নির্বাচন খেলা করে নিজেরাই জয়ী হয়ে বসে আছে।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন করে কখনো আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে আছে। নির্বাচনে জয়ী হতে পারবে না জেনেই ক্ষমতাসীনরা নির্বাচন নির্বাচন খেলা করে নিজেরাই জয়ী হয়ে বসে আছে।
আওয়ামী লীগ নেতারা বিএনপিকে নিয়ে মিথ্যা বক্তব্য দিচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, হাছান মাহমুদের কথায় এখন ঘোড়াও হাসে, সবাই হাসে। নতুন পন্থায় তারা বিএনপিকে নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। তাদের কথার উত্তর দিতে চাই না। তারা কী যে বলে নিজেরাও জানে না। অবলীলায় ঠান্ডা মাথায় হাছান মাহমুদরা বিএনপিকে নিয়ে মিথ্যা বলেন।
হাছান মাহমুদকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘মিথ্যা কথা প্রচার করতে করতে ওরা এখন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা তো দূরের কথা, জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বানিয়েছেন। উনি (হাসান মাহমুদ) এমনভাবে কথা বলেন- জোরেও বলেন না, রাগ করেও বলেন না। ঠান্ডা মেজাজে কথা বলেন- শুনে মনে হয় সত্যি কথাই বলছেন। আজকে স্বাধীনতার ৫০ বছর পরেও তারা ইতিহাসকে এভাবে বিকৃত করে চলেছেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালাম। সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তির সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।