সিসি নিউজ ডেস্ক।। দলীয় আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
এ সময় তাদের ছোড়া ইটপাটকেলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্য হলেন- রাজশাহী নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু হায়দার ও কনস্টেবল আহাদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে মহানগরীর দড়িখরবোনা-উপশহর সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, দুপুরে মহানগরীর নিউমার্কেট এলাকায় আকস্মিক জড়ো হন জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা। এক পর্যায়ে শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। তারা বিক্ষোভ মিছিল থেকে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্লোগান দেন। এতে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলসহ দেড় শতাধিক জামায়াত-শিবিরের নেতাকর্মী ছিলেন। মিছিলটি নিউমার্কেটের সামনে থেকে মহানগরীর কাদিরগঞ্জ সড়ক হয়ে দড়িখড়বোনা রেলক্রসিংয়ের কাছে চলে যায়।
এ সময় জামায়াতের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, পুলিশের অনুমতি না থাকায় তারা ঝটিকা মিছিল বের করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে পালিয়ে যায়। কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।