শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

আপডেট :

সিসি নিউজ ডেস্ক।। চাঁদপুরে চট্টগ্রাম থেকে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চাঁদপুর কোর্ট স্টেশনে ট্রেনটির সর্বশেষ বগি থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে দ্রুত তৎপর হয়ে ওঠেন রেলকর্মী, যাত্রী ও স্থানীয়রা। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে বগিটির দুটি আসন পুড়ে গেলেও রেলকর্মীরা কোনো হতাহতের খবর পাননি।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস কোর্ট স্টেশনে পৌঁছানোর পর চাঁদপুর বড় স্টেশনের উদ্দেশে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ট্রেনের কর্মী, যাত্রী ও স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নেভান। তাঁদের তৎপরতায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি।

তিনি বলেন, আগুনে বগিটির দুটি আসন পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে। নির্ধারিত সময় অনুযায়ী, বগিটি শনিবার ভোর ৫টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেঘনা এক্সপ্রেস প্রতিদিন ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। চট্টগ্রাম থেকে বিকেল সোয়া ৫টায় ছেড়ে ট্রেনটি রাত ১০টার দিকে চাঁদপুরে পৌঁছায়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.