সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোলে বসে আছে একটি শিশু। তাঁর নাম সানজিদা হাসনাত। প্রধানমন্ত্রীর কোলে চড়ার পর সে আর কিছুতেই নামবে না। শেষ পর্যন্ত তাকে কোলে নিয়েই হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
রোববার সকালে গণভবনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার সময় এমন ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীকে যখন আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণার জন্য আহ্বান জানানো হয়, শিশুটি সাফ জানিয়ে দেয় সে কোল থেকে নামবে না। প্রধানমন্ত্রীও জোর করেননি।
এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ছোটাছুটি চলছে। চলছিল নানা আনুষ্ঠানিকতা। কিন্তু তিন বছরের শিশু সানজিদার এসবের দিকে ভ্রুক্ষেপ ছিল না। যেন অতি আপন কারও কোলে বেশ মজা পাচ্ছিল সে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে শিশুটিকে কোল থেকে নামিয়ে নিতে চাইলে শেখ হাসিনা বলেন, আমিও তো নানী-দাদী। বাচ্চাদের কোলে নিয়েই কাজ করতে পারি। কোলে নিয়ে কাজে অসুবিধা হয় না।
টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের গোটা সময়জুড়েই প্রধানমন্ত্রীর কোলে বসেছিল শিশু সানজিদা। প্রধানমন্ত্রীর বক্তৃতা চলাকালে শিশুটি কথা বলে ওঠে। প্রধানমন্ত্রী এ সময় জিজ্ঞেস করেন- কি, কিছু বলবে? শিশুটি ঘাড় নেড়ে জানায়, সে কিছু বলতে চায়।
বক্তৃতা শেষে তিনি শিশুটিকে বলতে বলেন- বলো, আমি টিকা নিচ্ছি। তোমরাও নাও। ভয় পাব না। টিকা দেব। সুস্থ হব।
এই সময় তিন বছর বয়সী ফুটফুটে মেয়েটি প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলে ,’কোনো ভয় নেই।
এর পরই গণভবনে কয়েকটি শিশুকে টিকা দেওয়া হয়। এ কর্মসূচিটি বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম। প্রায় পাঁচ কোটি ২০ লাখ শিশু এ কর্মসূচির আওতায় আসছে। অনানুষ্ঠানিকভাবে গতকাল শনিবার থেকে দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। টিকা দিতে কিছুটা ব্যথা লাগলেও, শিশুদের কষ্ট ভুলিয়ে দিতে সেখানে হাজির ছিল শিশুদের প্রিয় সিসিমপুরের নানা চরিত্র।
অনুষ্ঠানস্থল সাজানো হয় রঙিন বেলুন ও ফেস্টুন দিয়ে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্র হালুম, ইকলি ও টুকটুকিকে পুরো অনুষ্ঠানে শিশুদের আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যায়।
৩ সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।