নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ৫শ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার চৌবাড়িয়া বাজার এলাকা থেকে ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। সেই সাথে ফেন্সিডিল বহনকারী একটি ভুটভুটি জব্দ করা হয়।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রোববার সকাল থেকে চৌবাড়িয়া বাজারের গরুহাটি এলাকায় অবস্থান নেন। দুপুরে ১টার দিকে একটি ভুটভুটিতে ফেন্সিডিল পাচারের সময় পুলিশ সেটি আটক করে। পরে তল্লাশী চালিয়ে ৫শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে পাঁচ মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রহিম (২৫), এমাজ উদ্দিনের ছেলে একরামুল হক (২৬), জাহের উদ্দিনের ছেলে তায়েজ উদ্দিন (৩০), মির্জাপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে সেন্টু (২৮) এবং নাচোল উপজেলার খেসবা গ্রামের কেতাব উদ্দিনের ছেলে সেলিম হোসেন (৩৫)। তিনি আরও জানান, ফেন্সিডিলের চালানটি শিবগঞ্জের কানসাট বাজার থেকে ঢাকায় নেয়ার পথে উল্লেখিত স্থানে আটক করা হয়।
সড়ক দূর্ঘটনায় আহত ১২
নওগাঁর নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় বাস, ট্রাক্টর ও ভ্যানগাড়ীর ৩ চালকসহ ১২জন আহত হয়েছে।
জানা যায়, রোববার সকালে নওগাঁ-মহাদেবপুর সড়কের পিড়া মোড় নামক স্থানে বাস, ট্রাক্টর ও ভ্যান গাড়ীর সংঘর্ষ ঘটে। এ ঘটনায় বাসের চালক, ট্রাক্টরের চালক ও ভ্যান চালকসহ ৫ জন আহত হয়। এছাড়া একই স্থানে দুপুরে ট্রাক্টর ও যাত্রীবাহী টেম্পুর সংঘর্ষে ৭ জন আহত হয়।
আদিবাসী ক্ষেত মজুরের লাশ উদ্ধার
নওগাঁর পোরশা উপজেলার কাঠপুকুর গ্রামের পাশের একটি পুকুর থেকে ২দিন ধরে নিখোঁজ বধূয়া উড়াও (৫১) নামে এক আদিবাসী ক্ষেত মজুরের লাশ রোববার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। বধূয়া পাহান উপজেলার কাঠপুকুর গ্রামের মৃত চম্পা উড়াওয়ের ছেলে।
পোরশা থানার ওসি শফিউল আলম জানান, গত শুক্রবার সন্ধ্যা থেকে বধূয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল রোববার সকালে গ্রামবাসী পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় পোরশা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।