হবিগঞ্জ: হবিগঞ্জের সংসদ সদস্যের ছোট ভাইয়ের মোবাইল চুরির জেরে নির্যাতনে হিজড়ার মৃত্যুর অভিযোগে হিজড়া সমিতি সোমবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ-সমাবেশ আহ্বান করেছে। জেলার নবীগঞ্জের এ ঘটনায় রবিবার দুপুরে নির্যাতিত হিজড়ার মৃত্যুর পর থেকে ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে আউশকান্দি ডেকোরেটার্স থেকে মোবাইল চুরির ঘটনায় বেলাল ও তার লোকজন জড়িত সন্দেহে নবীগঞ্জ উপজেলার জহুরপুর গ্রামের দৌলত খার পুত্র হিজড়া আদর খানকে আটক করে নিয়ে আসে। ওই মোবাইল চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য তার উপর ব্যাপক নির্যাতন করা হয়।
“এক পর্যায়ে আদর অচেতন হয়ে পড়লে বেলাল চৌধুরী গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেনকে খবর দেন। জাকির হোসেনের মাধ্যমে অসুস্থ আদরকে ভোররাতে তার বন্ধু হিজড়া আব্দুল মনিমের দুলর্ভপুর গ্রামের বাড়িতে রেখে আসা হলে রবিবার দুপুরে চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়।”
‘নির্যাতনেই আদর মারা যায়’ উল্লেখ করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির আলমও এটিএন টাইমসকে জানান, মোবাইল চুরির ঘটনায় আদরকে নির্যাতন করা হয়।
“এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং নিহত আদরের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
স্থানীয় সাংসদ এম এ মুনিম চৌধুরী বাবু এটিএন টাইমসকে বলেন, ‘বেলালের মোবাইল চুরির ঘটনায় স্থানীয়দের নির্যাতনে ওই হিজড়ার মৃত্যু হয়। আমার ভাই এতে জড়িত না।”
এদিকে, ‘সংসদ সদস্য বাবুর ভাই ও তার লোকদের নির্যাতনেই আদর মারা গেছে’ উল্লেখ করে আদর খানের পরিবারের লোকজন ও স্থানীয় হিজড়াদের নেতা আব্দুল মনিব এটিএন টাইমসকে জানান, এ ঘটনার জেরে সোমবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ-সমাবেশ আহ্বান করেছে হিজড়া সমিতি।