লাইফস্টাইল: লাউ রান্না করার জন্য কাটার পর সাধারণত লাউয়ের চোঁচা ফেলে দেয়া হয়। কিন্তু চোঁচা ফেলে না দিয়ে বানিয়ে ফেলা যেতে পারে মজাদার ভর্তা। গ্রামাঞ্চলে এ ভর্তা খুবই জনপ্রিয়।
যা লাগবে
লাউয়ের চোঁচা ৩ কাপ, শুকনা মরিচ পোড়ানো ৪/৫টি, লবণ পরিমাণমতো, ধনেপাতা ১ টেবিল চামচ, পিঁয়াজ কুচি ১ টেবিল চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
লাউয়ের চোঁচা ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিন। এবার ফ্রাইপ্যানে অল্প তেলের মধ্যে লাউয়ের চোঁচা অল্প আঁচে ভেজে নিন। ভাজা হয়ে গেলে বাটিতে তুলে ফ্রাইপ্যানে শুকনা মরিচ ও পিঁয়াজ ভেজে নিন। ধনে পাতা কুচি করে নিন। এবার লাউয়ের চোঁচা, শুকনা মরিচ, পিঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এক সঙ্গে পাটায় মিহি করে বেটে নিন। পরিমান মতো সরিষার তেল ও লবণ দিয়ে মেখে নিন। ব্যাস হয়ে গেল মজাদার লাউয়ের চোঁচা ভর্তা।