ঢাকা: অস্বাভাবিক সম্পদধারী সব মন্ত্রী-সাংসদদেরকে তদন্তের আওতায় আনার দাবি জানাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে বিগত সরকারের ৭ মন্ত্রী-সাংসদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তউদ্যোগকেও স্বাগত জানায় সংস্থাটি।
সোমবার টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতি দিয়েছেন।
এই বিবৃতিতে নবম সংসদের শেষ অধিবেশনে পাসকৃত দুর্নীতি দমন কমিশন (সংশোধিত) আইন ২০১৩ এর ৩২(২) ও ৩২ক ধারা বাতিলেরও জোর দাবি জানানো হয়।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রাক্তন মন্ত্রী ও সংসদ সদস্যদের ব্যাপক সম্পদ বৃদ্ধি যদি তাদের জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, তবে তা সম্পূর্ণ বেআইনী এবং সংবিধানের ২০(২) ধারা অনুযায়ী অসাংবিধানিক। ইতোপূর্বে দুদক এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে কার্যত অনিহা প্রকাশ করলেও অতিসম্প্রতি এবিষয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা আশাব্যঞ্জক। তবে এক্ষেত্রে দুদককে উৎকৃষ্ট পেশাদারিত্বই দেখাতে হবে।
ড. ইফতেখারুজ্জামান আরো বলেন, নবম সংসদের শেষ অধিবেশনে পাসকৃত দুর্নীতি দমন কমিশন (সংশোধিত) আইন ২০১৩ এর ৩২(২) ও ৩২ক ধারা বলে জজ, ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণে দুদক কর্তৃক সরকারের পূর্ব অনুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। যা বৈষম্যমূলক ও অসাংবিধানিক। দশম সংসদের প্রথম অধিবেশনেই এ সংশোধনী বাতিল করতে হবে।
তিনি বলেন, মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী অন্যায়ের ক্ষেত্রে জিরো টলারেন্স প্রদর্শন এবং দুর্নীতিকে বরদাশত করা হবে না বলে ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এ অবস্থান দুদকের জন্য প্রেরণামূলক। তিনি আশা করেন, সরকারি ও রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল এ অবস্থানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দুদককে স্বাধীন ও কার্যকরভাবে কর্তব্য পালনে সহযোগিতা করবে।