ডেস্ক রিপোর্ট: ভারতের শীর্ষস্থানীয় কোম্পানি টাটা মোটরসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কার্ল স্ল্যাম আত্মহত্যা করেছেন।
পুলিশের ধারণা, স্ল্যাম ব্যাংককের সাংগ্রে-লা-ইন হোটেলের ২২ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার ব্যাংককে তার মৃত্যুদেহ পাওয়া যায়।
৫১ বছরের স্ল্যাম টাটার থাইল্যান্ড শাখার এক বোর্ড মিটিংয়ে যোগ দিতে স্ত্রীকে নিয়ে ব্যাংকক গিয়েছিলেন। সেখানে তিনি হোটেলের ২২ তলায় উঠেছিলেন। রোববার হোটেলটির ৫ম তলায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এক হোটেল স্টাফ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ সম্পর্কে ব্যাংকক থেকে পুলিশের তদন্ত কর্মকর্তা লে. সোময়ত বুনিয়াকায়ে রয়টার্সকে বলেন, ‘আমরা লাশের দেহে ধস্তাধস্তির কোনো চিহ্ন খুঁজে পাইনি।’
তিনি আরো বলেন, ‘আমরা তার কক্ষের জানালা খোলা পেয়েছি। জানালাটি এতই ছোট যে, এখান দিয়ে কারো পিছলে পড়া সম্ভব নয়। প্রাথমিক তদন্তে যা খুঁজে পেয়েছি তাতে আমার ধারণা, তিনি জানালা দিয়ে লাফিয়ে পড়েছিলেন।’
পুলিশ স্লামের ঘর থেকে তার লেখা তিন পাতার একটি চিঠি খুঁজে পেয়েছে। তবে চিঠিটির ভাষা ইংরেজি হওয়ায় তারা এর মর্মার্থ উদ্ধার করতে পারেনি। এটি থাই ভাষায় অনুবাদের কাজ চলছে বলেও তারা জানিয়েছে। সোমবার লাশের ময়না তদন্ত হওয়ার কথা রয়েছে।
এদিকে স্ল্যামের মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি ভারতের সর্ববৃহৎ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টাটার মুখপাত্র। তবে রোববার দেওয়া এক বিবৃতিতে কোম্পানির ব্যবসায় স্ল্যামের ভূমিকার প্রশংসা করেছে টাটা।
টাটা কোম্পানি জানায়, টাটা কোম্পানিতে স্লাম- এর অনেক অবদান আছে।
ব্রিটিশ নাগরিক স্ল্যাম ২০১২ সালে টাটার মোটর কোম্পানিতে এমডি হিসেব যোগ দিয়েছিলেন।
স্লাম ৩০ বছর আগে বিয়ে করেছিলেন। তবে সেই সংসারে কোনো সন্তান ছিলনা।