বরিশাল: জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর ফাইভ মার্ডার মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ড ও তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরিশাল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই সহোদর হলেন- শাহজাহান বৈরাগী (৬৫) ও তার ভাই শহিদুল ইসলাম বৈরাগী (৬২)। এর মধ্যে শাহজাহান বৈরাগী পলাতক রয়েছেন। এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল বাশার ওরফে বাদশা খাঁ (৪৬) এবং তার ভাই কাইয়ুম খাঁ (৪৪) ও সুলতান খাঁ (৪০)।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৩০ জুন রাতে মেহেন্দিগঞ্জের ভাষানচর ইউনিয়নের খলিসার উত্তর পাড় গ্রামে তানিজারা বেগম (৩৮), মেয়ে আনজান বেগম (১৭), সাথী বেগম (১৪), জান্নাত (১০) ও ফেরদৌসীতে (৬) সিঁদ কেটে ঘরে প্রবেশ করে হত্যা করা হয়।
এ ঘটনায় স্থানীয় চৌকিদারর মো. নূরুজ্জাম বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২০০৯ সালের ১৯ মার্চ দশ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেয় থানা পুলিশ। আদালত ৫৪ জন সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।