
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে বিপুল পরিমান নকল সার ও কীটনাশক উদ্ধার করেছে পুলিশ। যার মূল্য প্রায় পৌনে দু’লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে নাগেশ্বরীর পুরাতন বাজারের সার ব্যবসায়ীদের নিকট বিক্রি করতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নকল সার ও কীটনাশকসহ কাভার্ড ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসে। এসময় গাড়ীর ড্রাইভার ও ওই নকল কোম্পানীর প্রতিনিধি গাড়ী রেখে পালিয়ে যায়। জানাগেছে, কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো ন-১৪-৮০৫৭) বগুড়া থেকে এসব নকল মিলভিট নামক ছত্রাক ও মাকড়সা নাশক ৩২০ প্যাকেট এবং আমেরিকান গ্রো জিং নামক দস্তা সার (মনো) ৬৫০ প্যাকেট নিয়ে আসছিল।
নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ জানান, আটককৃত সার ও কীটনাশকের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় বিএসটিআইতে পাঠানো হয়েছে। নকল প্রমানিত হলে মামলা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান সরকার বলেন, এসব নকল সার। এগুলো জমিতে ব্যবহার করলে জমি এবং ফসলের ক্ষতি হবে। এগুলো আটক হওয়ায় ক্ষতি থেকে রক্ষা পাবে কৃষকরা।