বিনোদন ডেস্ক : ‘দি ডিরেক্টর’ মুক্তি আন্দোলন কমিটি আগামী ১৮ ফেব্রুয়ারি সেন্সরবোর্ডের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে ‘দি ডিরেক্টর’ মুক্তি আন্দোলন’। আগামী ১৮ ফেব্রুয়ারি সেন্সরবোর্ডের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে। ছবিটিকে মুক্তি না দেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনের উদ্যোক্তারা।
প্লাটফর্মটির মুখপাত্র রুদ্র হক জানিয়েছেন, কামরুজ্জামান কামু’র চলচ্চিত্রটিকে সেন্সর বোর্ড দীর্ঘদিন ধরে যুক্তিহীনভাবে আটকে রাখার প্রতিবাদে চলচ্চিত্রপ্রেমী দর্শক, চলচ্চিত্রকর্মী, ফিল্মক্রিটিক, চলচ্চিত্রনির্মাতা, সাংবাদিক, কবিসহ নানা শ্রেণী-পেশার মানুষ ‘দি ডিরেক্টর’ মুক্তি আন্দোলন’ নামে একটি আন্দোলন শুরু করে। আন্দোলনে দি ডিরেক্টর চলচ্চিত্রটি মুক্তিসহ বর্তমান বিতর্কিত সেন্সরবোর্ড বাতিল ও সেন্সর প্রথা সংস্কারসহ বিভিন্ন দাবি উঠে এসেছে।
তিনি আরো জানিয়েছেন, এই আন্দোলনের ব্যানারে ইতিমধ্যেই নানা ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকায় আন্দোলনের কর্মসুচিতে সাময়িক বিরতি দেওয়া হয়েছিলো।
আন্দোলনের উদোক্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যতদিন না ছবিটিকে মুক্তি দেওয়া হয়, ততদিন পর্যন্ত সভা-সেমিনার, মানববন্ধন, অনলাইন অ্যাকটিভিজম, স্মারকলিপি প্রদান, গণমত তৈরি এবং সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়সহ নানা ধরনের কর্মসুচি অব্যাহত থাকবে। এরই অংশ হিসাবে আগামী ১৮ ফেব্রুয়ারি সেন্সরবোর্ডের সামনে মানব বন্ধন করা হবে।
এ বিষয়ে রুদ্র বলেন, ‘সকাল ১১টা থেকে মানববন্ধন শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এ সময় সেন্সরবোর্ডের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হবে’।