কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে স্বামীর নির্যাতনে ময়না (২৫) নামের এক গৃহবধুর মৃত্যু ঘটেছে। নিহত ময়না কাহারোল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কলেজপাড়ার নজরুল ইসলামের মেয়ে।
সূত্র মতে, ময়নার সাথে প্রায় ৫ বছর পূর্বে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে ইলিয়াস আলীর সাথে বিয়ে দেন। বিবাহিত জীবনের কয়েক বছর পর ময়না খাতুন একটি কন্যা জন্ম দেন। কিন্তু যৌতুক লোভী স্বামী ইলিয়াস আলী শ্বশুড়ের কাছে লাখ টাকার যৌতুক দাবি করে। আর যৌতুকের জন্য স্ত্রী ময়নাকে নানা অজুহাতে নির্যাতন করে। যৌতুকের দাবিতে গত ১৭/০৮/২০১৩ইং তারিখ রাতে কাঠের পিড়ি দিয়ে ময়না খাতুনের মাথায় উপর্যুপরি আঘাত করলে ময়না গুরুতর আহত হয়ে পড়ে। পরে প্রতিবেশীরা মুমুর্ষ ময়নাকে উপজেলা হাসপাতালে ভতি করায়। কিন্তু ময়নার অবস্থা দিন দিন অবনতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দিনাজপুরে চিকিৎসার ফলপ্রসু না হওয়ায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল কলেজে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে সে মারা যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তবে ওই ঘটনায় ময়নার বাবা ইতিপূর্বে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছে।