সিসি ডেস্ক: লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্যদেরকে ধাওয়া করা হয়েছে এমন ভুয়া ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমগুলোতে প্রচারণা চলছে। তবে এ ভিডিওর কোনো সত্যতা পাওয়া যায়নি।
এমনই একটি ফেসবুক স্ট্যাটাসে বলা হয়েছে লন্ডনের অভিজাত শপিংমল ওয়েস্ট এন্ডের সামনে বাংলাদেশে পেট্রল বোমায় নিহতদের স্বজনরা জঙ্গি মাতা খালেদা জিয়া ও তারেক রহমান এবং জোবায়দা রহমানকে দেখামাত্র ধাওয়া করেন এবং খালেদা ও তারেক রহমানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় খালেদার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান এবং তাদের গাড়ির ড্রাইভার সানি দৌড়িয়ে পালিয়ে যায়। এই স্ট্যাটাসের সঙ্গে হামলার একটা ভিডিও সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিও ক্লিপে দেখা গেছে সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের ডেভেনশেয়ার স্ট্রিটে একটি সাদা রঙের গাড়ি পার্ক করা অবস্থায় কয়েকজন লোকের মধ্যে একজন সামনের দরজা খুলে কিছু একটা করছেন। এ সময় ভিতর থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন বলছেন ‘এই কোথায় গেছে ওরা’। তবে এটি বেগম জিয়ার কণ্ঠ কিনা তা অস্পষ্ট। ভিডিওর পিছন থেকে কেউ একজন বলছে হায় হায়রে, ডিম থেরাপি হচ্ছে, ডিম থেরাপি। তবে মুহূর্তের মধ্যেই গাড়িটি দ্রুত গতিতে সেখান থেকে সটকে পড়ে। তবে মোবাইলে ধারণকৃত ভিডিওটি কবে কোথায় রেকর্ড করা হয়েছে তা জানা সম্ভব হয়নি।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বেশ ক্ষোভের সাথেই বলেন, ‘এদের এই জাতীয় ফাজলামির মানে কি? জানি না। ম্যাডামকে এরা কোথায় পাবে? উনি আজকে কোথাও বের হন নাই।’
সাধারণ সম্পাদক এম কয়ছর আহামেদ হামলার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ‘এটি সম্পূর্ণ ভুয়া একটি বিষয়। ভুয়া নাটক সাজিয়ে তারা রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করছে। ম্যাডাম লন্ডনে আসার পর আজ পর্যন্ত কোনো সাদা গাড়িতে চড়েন নাই।’