সিসি নিউজ : পেশাগত কারনে কিংবা সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে গ্রামের মানুষ ছুটে আসছে শহরে। অনেকেই সাধ্যমত জমি কিনে বাসা-বাড়ি নির্মাণ করে এ শহরেই বসবাস শুরু করেছে। ফলে সৈয়দপুর পৌরসভা এলাকার মধ্যে বসতির সংখ্যা বৃদ্ধি পেয়ে সম্প্রসারিত হচ্ছে মহল্লাগুলো। কিন্তু তারা নাগরিক সুযোগ সুবিধা থেকে হচ্ছে বঞ্চিত। নেই পাকা কিংবা মানসম্মত চলাচলের রাস্তা। বিদ্যুৎবিহীণ, অপরিচ্ছন্ন পরিবেশে করছে বসবাস। এইসব পৌরবাসীকে পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা প্রদানের অঙ্গিকার নিয়ে এবারে সৈয়দপুর পৌরসভার মেয়র পদের জন্য প্রার্থী হচ্ছেন সাবেক পৌর মেয়র ও আ’লীগ নেতা আখতার হোসেন বাদল।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের দীর্ঘ দিনের নির্বাচিত সভাপতি আখতার হোসেন বাদল সিসি নিউজকে দেয়া সাক্ষাতকারে বলেন, শহরের মধ্যে ট্রাক স্টানটি সরানোর দাবি পৌরবাসীর দীর্ঘদিনের। সম্প্রতি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ট্রাক স্টানের জন্য নির্দিষ্ট স্থান চেয়েছে- পৌর পরিষদের মাধ্যমে স্থান নির্বাচন করে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তওে জমা করা হয়েছে। এছাড়া বাইপাসে হচ্ছে মিনি ট্রাক টার্মিনাল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকাগামী কোচের বাসগুলো শহরের নির্ধারিত স্থান থেকে চলাচলের উদ্যোগ নেয়া হয়েছিল বারবার। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সে উদ্যোগ বানচাল হয়ে যায়। তবে এবারে মেয়র হিসেবে নির্বাচিত হলে এ সমস্যার সমাধান করা হবে নিশ্চিত।
আখতার হোসেন বাদল ছাত্রাবস্থায় ছাত্র ইউনিয়ন রাজনীতির সাথে জড়িত হন। পরে ছাত্র ইউনিয়নের সৈয়দপুর উপজেলা শাখার সাধারন সস্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সভাপতি। এরপর আওয়ামীলীগে যোগ দিয়ে সৈয়দপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, ঠিকাদার সমিতির সভাপতি, চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন। রেডক্রিসেন্ট, পূবালী স্কাউট’র মতো স্বেচ্ছাসেবি সংগঠনের শীর্ষপদে অবস্থান করছেন তিনি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি, সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল জানান, মেয়রের চেয়ারে বসার সময় শহরের রাস্তায় বাতি ছিল সাড়ে তিনশ। ক্ষমতা ছাড়ার সময় সেই সংখ্যা এনেছিলাম সাড়ে তিন হাজারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারে নির্বাচিত হলে কেন্দ্রীয় মসজিদ, ঈদগাহ ও শশ্মাণ নির্মাণ করা হবে। বিনোদনের জন্য নির্মাণ করা হবে শিশু পার্ক। আধুনিকায়ন করা হবে কেন্দ্রীয় বাস টার্মিনাল। স্টেডিয়ামে দর্শক গ্যালারীর জন্য নেয়া হবে ব্যবস্থা। এছাড়া শহরের বাইপাস সড়কের দুইধার দিয়ে গড়ে উঠছে নানা শিল্প প্রতিষ্ঠান। নির্বাচিত হলে পুরো বাইপাসে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হবে।
দলীয় প্রতীকে নির্বাচন- তাই দল মনোনীত করবে প্রার্থী। দলের মনোনয়ন পাবে এমন প্রত্যাশা করেন আখতার হোসেন বাদল। দল যদি মনোনয়ন না দেয় তাহলে কি করবেন? জবাবে সিসি নিউজকে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে আমি তার পক্ষে কাজ করবো। দলের বিপক্ষে এর আগেও যায়নি, ভবিষ্যতে যাবোনা।