• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

সুখে-দুখে মানুষের পাশে থাকতে চাই- তরুলতা

Torulota raoসিসি নিউজ: সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর অভিপ্রায় নিয়ে সংরক্ষিত নারী আসনে (৭,৮, ও ৯ নং ওয়ার্ড) পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করতে আগ্রহী তরুলতা রায়। ইতিমধ্যে ওয়ার্ডবাসীর সমর্থন পেতে ব্যাপক গণ সংযোগ শুরু করেছেন এ নারী নেত্রী।
সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের নারী নেত্রী তরুলতা রায় সিসি নিউজকে জানান, অমানবিক যৌতুক প্রথা, বাল্যবিয়ে ও যৌন হয়রানীসহ (ইভটিজিং) সকল অনৈতিকতার বিরুদ্ধে অবস্থান নেয়াই হবে আমার নির্বাচনে অংশ নেয়ার মূল লক্ষ্য।
তিনি বলেন, আইনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় পর্যায়ের সরকারি ও সামাজিক অনেক কাজের দায়িত্ব দেওয়া আছে। সে অর্থে তাদের কাজের পরিধি অত্যন্ত ব্যাপক। কিন্তু বাস্তবে পৌর কাউন্সিলরদের  খুব সীমিত দায়িত্ব দেওয়া হয়। অপরদিকে পরিষদে নারী কাউন্সিলরদের অবস্থান অনেকটা আলঙ্কারিক। আসন্ন নির্বাচনে অংশ নেয়ার মধ্য দিয়ে এ বিষয়গুলো আমি মানুষের দৃষ্টিগোচরে আনতে চাই।
তরুলতা রায় আরও বলেন, ৭,৮, ও ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত আমার নির্বাচনী এলাকা সৈয়দপুরে একটি স্বতন্ত্র পরিচয়ে পরিচিত। তুলনামূলকভাবে শহরের এই অংশে শিক্ষিত মানুষের হার অনেক বেশী। এছাড়াও সেনানিবাসসহ শহরের সব ক’টি বনেদী শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান আমার নির্বাচনী এলাকায়। সঙ্গত কারনেই এখানকার মানুষ (ভোটার) অত্যন্ত সচেতন। নির্বাচনে অংশ নেয়া সম্পর্কে এই নারী নেত্রী বলেন, শিক্ষা জীবন থেকে আমি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। এরই ধারাবাহিকতায় গত ১৫ বছর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর পৌর শাখার সাথে সক্রিয়ভাবে জড়িত। দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রতিটি কর্মসূচিতে আমার সরব অংশ গ্রহণ ছিল। বর্তমানে পৌর কমিটির ৮ নং ওয়ার্ডের মহিলা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। এ ছাড়াও সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই’র (নিসচা) নির্বাহী সদস্য ও সার্বজনীন দূর্গোৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটি ও সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির নির্বাহী সদস্য এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের ওয়াস কমিটির সদস্য হিসাবে যুক্ত রয়েছি।
সমাজকর্মী তরুলতা রায় বলেন, আমি মনে করি শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত ও অগ্রসর। আর প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার মূল ভিত্তি বা বুনিয়াদ। এ ভাবনা থেকে এলাকায় শিক্ষা বিস্তার এগিয়ে নিতে ৭নং ওয়ার্ডে অবস্থিত রহমতউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের সমর্থনে পরিচালনা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছি দীর্ঘদিন থেকে। এ বিদ্যালয়টি অন্যতম একটি শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে শহরে ব্যাপক পরিচিত। দলীয় সমর্থনে নির্বাচনে অংশ নেয়া সম্পর্কে তরুলতা বলেন, পারিবারিক ঐতিহ্যগতভাবে আবার বাবা ও শ্বশুরবাড়ির সবাই আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। আমি নিজেও বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিতপ্রাণ সৈনিক। তাই কাউন্সিলর পদে নির্বাচন করতে স্থানীয়ভাবে দলের সমর্থন চেয়েছি। আমি শতভাগ আশাবাদি দল আমাকে সমর্থন দেবে। আর দল সমর্থন দিলে এলাকাবাসীর রায়ে সৃষ্টকর্তার ইচ্ছায় আমি কাউন্সিলর নির্বাচিত হবো। ব্যক্তি জীবনে দুই কন্যা সন্তানের জননী তরুলতা রায়ের প্রথম সন্তান সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডে কর্মরত। স্বামী বলরাম রায় একই দপ্তরের প্রধান সহকারি। ছোট মেয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ