সিসি নিউজ : লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে কবে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়। ফেরার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে হঠাৎ করে আজ বৃহস্পতিবার বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে বলেন, আগামি শনিবার বিকেলে খালেদা জিয়া দেশে ফিরবেন। গত ১৬ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফরের দুই মাস পূর্ণ হয়েছে।
এদিকে বিএনপির কোনো সিনিয়র নেতা, এমনকি চেয়ারপারসনের ঘনিষ্ঠরাও জানেন না বেগম জিয়া কবে দেশে ফিরবেন। বরং অনেক বিএনপি সিনিয়র নেতাই সাংবাদিকদের কাছে জানতে চাচ্ছেন কবে তিনি দেশে ফিরতে পারেন। ব্যক্তিগত সফওে গত ১৫ সেপ্টেম্বর লন্ডন গিয়ে বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠেন বেগম জিয়অ। তারপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সর্বশেষ ২০ নভেম্বর তিনি বাংলাদেশে আসার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। লন্ডন অবস্থানরত বিএনপির একাধিক নেতারা জানিয়েছেন, খালেদা জিয়া আপাতত ২০ নভেম্বর দেশে ফিরছেন না, এটা নিশ্চিত। ২০ নভেম্বর খালেদার বড় ছেলে তারেক রহমানের জন্মদিন। পরিবারের সাথে ছেলের জন্মদিন পালনের জন্য দেশ ফেরার সময় বিলম্বিত করছেন। তারা বলছেন আগামী ২৫ নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। লন্ডনের অপর একটি সূত্রে জানিয়েছেন, খালেদা জিয়া লন্ডন থেকে নিউইয়র্ক যাবেন। সেখানে তিনি পায়ের চিকিৎসা করাবেন এবং নিউইয়র্ক থেকে ঢাকা ফিরবেন। দেশের বাইরে খালেদা জিয়ার এটাই দীর্ঘ সফর।
অন্যদিকে দীর্ঘ দু’মাস অবস্থানকালে খালেদা জিয়া একান্ত পারিবারিকভাবেই সময় পার করেছেন। এসময়ে তিনি তাঁর এক চোখের ক্যাটারাক্ট অপারেশন এবং হাঁটুর চিকিৎসা করিয়েছেন। লন্ডনে আসার এক সপ্তাহের মাথায় খালেদা জিয়া গত ২৪ সেপ্টেম্বর যুক্তরাজ্যপ্রবাসীদের সাথে একটি ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হাজির হন। তারপর গত ১ নভেম্বর যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি নাগরিক সভায় বক্তব্য দেন তিনি। সভায় খালেদা জিয়া বলেন, তাঁর পরিবারের লোকেরা তাঁকে যেতে দিতে চায় না। ওরা চায় তিনি আরও কিছুদিন তাদের সঙ্গে সময় কাটান। কিন্ত দেশের যে অবস্থা তাঁকে দ্রুত দেশে ফিরতেই হবে। তিনি সেদিন আগের চাইতে বেশ সুস্থ এবং ভালো আছেন বলে জানিয়েছিলেন। তাছাড়া খালেদা জিয়া অন্য কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি।