মাদারীপুর: সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের রায় নিয়ে বিএনপি যে বক্তব্য দিয়েছে তা দায়সারা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
মন্ত্রী বলেন, আইন মোতাবেক তাদের বিচার হয়েছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার নন। মাদারীপুরে আচমত আলী খান স্টেডিয়ামের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কালু খান প্রমুখ।