ঢাকা : ব্যারিস্টার নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল গঠনের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘তার ওই তৃণমূল তৃণেই থাকবে, মানুষের মধ্যে যাবেনা।’ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
৭ নভেম্বর উপলক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করে ‘জিয়া পরিষদ’ নামের এটি সংগঠন।
শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, নাজমুল হুদা এর আগে কয়েকবার লাফ দিয়েছেন, কোনো লাভ হয়নি। এখন তিনি পশ্চিমবঙ্গের মমতাকে অনুসরণ করে এদেশে একটি তৃণমূল বিএনপি করেছেন। এটা তৃণের মধ্যে থাকবে, মানুষের মধ্যে যাবে না।
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গড়েছিলেন নাজমুল হুদা। এই হিসেবে ‘তৃণমূল বিএনপি’ তার ‘ ‘তৈরি’ চতুর্থ দল। শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘তৃনমুল বিএনপি’ নামে ওই নতুন দল গঠন করেন নাহমুল হুদা।
শাহ মোয়াজ্জেম আরো বলেন, ‘বিএনপি মানেই জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান। বিএনপি মানেই আপনারা (উপস্থিত নেতাকর্মী)। এখানে অন্য কিছু চলে না, অতীতেও চলেনি।’
বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিদিনই মানুষ খুন, গুম হচ্ছে। কারো নিরাপত্তা নেই। এই অবস্থা চলতে পারেনা।’
আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়াসহ সংগঠনের নেতারা।