ঢাকা: দুই মাসের বেশি সময় পর দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছে খালেদা জিয়াকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়ে স্থায়ী কমিটির সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত রয়েছেন। এছাড়াও বিমানবন্দর এলাকায় ভিড় করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে লন্ডন স্থানীয় সময় গতরাত ১০টায় (বাংলাদেশে সময় ভোর : ৪টা ১৫ মি.) বাংলাদেশের উদ্দেশে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন খালেদা জিয়া।তাঁর বড় ছেলে, দুই ছেলের বউসহ পরিবারের অন্যান্য সদস্য এবং লল্ডন বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়াকে বিদায় জানান।
গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ছেলে তারেক রহমান, তাঁর স্ত্রী জোবাইদা রহমান ও নাতি-নাতনিদের সঙ্গে অবস্থান করছেন তিনি। এই প্রথম পবিত্র ঈদুল আজহার সময় দেশের বাইরে থাকলেন সাবেক প্রধানমন্ত্রী।
এদিকে, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। আজ পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে তাঁর বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। এ কারণে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন।