সিসি ডেস্ক: আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা আল্লাহ জানেন।’ তবে নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে মানুষ আওয়ামী লীগের অতীত সব অপকর্ম ভুলে যাবে।
রোববার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় রজনীগন্ধাতে মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার ও মনোনয়নপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তবে একই অনুষ্ঠানে নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সংসদের বিরোধী দলের নেতা ও হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ।
তিনি বলেন, ‘আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। আমরা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার পাশাপাশি সামাজিক কর্মকা-কেও বিবেচনায় নিচ্ছি। আজকের মধ্যেই প্রার্থী নির্বাচন ও প্রতীক বরাদ্দের প্রত্যয়নপত্র দেয়া হবে।’
এরশাদ আরো বলেন, ‘স্বাধীনতার পর এবারই প্রথম দলীয় প্রতীকে পৌরসভার নির্বাচন হচ্ছে। মানুষ নিরপেক্ষভাবে ভোট দেয়ার সুযোগ পেলে অন্যসব প্রতীক বাদ দিয়ে উন্নয়ন ও সুশাসনের প্রতীক লাঙ্গল মার্কাতেই ভোট দেবে।’
তিনি বলেন, ‘জোটগতভাবে নির্বাচন করে সুফল পাইনি। এজন্য একক নির্বাচন করব। এখন থেকে জাতীয় পার্টি সব নির্বাচনই এককভাবে করবে।’ ‘প্রার্থিতা যাচাই-বাছাই, মনোনয়নের জন্য (ইসির কাছে) ১০ দিনের সময় চাওয়া হয়েছে। আশা করি, তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে।’
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় ভোট হবে। এর আগে ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার সময় আছে।
রোববার সকাল ১০টা থেকে বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রার্থীদের ফরম বিতরণ শুরু হয়। দুপুর ২টার পর থেকে ফরম জমা নেয়া শুরু হয়। মনোয়নপ্রাপ্ত প্রার্থীদের কাছ থেকে মানি রিসিটের মাধ্যমে ১০ হাজার টাকাও নেয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিরোধী দলের নেতা রওশন এরশাদ আরো বলেন, দলের এসব কার্যক্রমে আমাকে কখনো ডাকা হয় না। আজকে এসেছি। আমি এটুকু বলব, আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। তিনি যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, এস এম ফয়সল চিশতী, মাসুদ পারভেজ সোহেল রানা, মীর আব্দুস সবুর আসুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম জহির, নুরুল ইসলাম নুরু, গোলাম মোহাম্মদ রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলাম মিলন প্রমুখ।