গাজীপুর: গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেলগেট এলাকায় চুনভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। রবিবার দুপুর সোয়া ১টার দিকে গাজীপুর-চট্টগ্রাম বিশ্বরোডের ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দোকানী হাছেন আলী (৫৫), তার দৌহিত্র জোনায়েত (সাত মাস) ও বিশ্ব ইজতেমা ফেরত ক্রেতা মোসলেম উদ্দিন (৫২), নার্গিস আক্তার (৩৫) ও জিমি (২)।তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, চট্টগ্রাম থেকে সিরামিকসের কাঁচামালবাহী কালিয়াকৈরগামী ট্রাকটি ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাচার ওপর স্থাপিত একটি মুদি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানটি ভেঙে পড়ে যায়।
এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ঝালমুড়ি বিক্রেতা হাছেন আলী, মোসলেম উদ্দিন, নার্গিস আক্তার ও জিমি নিহত হন।
গুরুতর অবস্থায় উদ্ধার করে জোনায়েতকে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে আট জনকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর অবস্থায় এক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।