সাভার : শিল্পাঞ্চল আশুলিয়ায় নিরাপত্তাকর্মীকে খুন করে মোটরসাইকেল ডাকাতির এক দিন পরেই আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবারও এক নিরাপত্তাকর্মীকে জখম করে লুট করেছে অন্তত সাত লাখ টাকার মালামাল।
বৃহস্পতিবার ভোরে আশুলিয়া ইউনিয়ন গরুর হাটের পাশে ওহাব সরকার মার্কেটের একটি ইলেকট্রনিকস পণ্যের শোরুমে এই ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে একদল ডাকাত ট্রাক দিয়ে মার্কেটের সামিয়া ইলেকট্রনিকস নামের একটি শোরুমে হামলা চালায়। এ সময় সেখানে কর্তব্যরত নিরাপত্তাকর্মী আমিনুর রহমানকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে জখম করে বেঁধে রাখে তারা। পরে দোকানের তালা কেটে সাতটি ফ্রিজ, পাঁচটি সিআরটি টেলিভিশন, দুটি এলইডি টেলিভিশন, তিনটি সেলাই মেশিন, আটটি সাউন্ড সিস্টেমসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সকালে মুমূর্ষু অবস্থায় আহত নিরাপত্তাকর্মী আমিনুর রহমানকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, ডাকাতির খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেফতারে প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান চালানো হচ্ছে। খুব শিগগিরই লুণ্ঠিত মালামাল ও জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।
উল্লেখ্য, বুধবার ভোরে আশুলিয়ার বেরন এলাকায় এক নিরাপত্তাকর্মীকে খুন করে তিনটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরপর দুদিন ডাকাতির ঘটনায় পুরো আশুলিয়ায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে।