খেলাধুলা ডেস্ক: ২৩ বছর পর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো নেপাল। শুক্রবার বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের চতুর্থ আসরের শিরোপা জিতেছে নেপালিরা। আর ১৭ বছর কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল এবার।
নেপাল সর্বশেষ ফাইনালে উঠেছিল ১৯৯৯ সালে। এসএ গেমসের সেই আসরে বাংলাদেশের কাছে হেরে শিরোপা হারায় তারা। এর আগে ১৯৯৩ সালে এসএ গেমসের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নেপালিরা।
খেলার ৪ মিনিটে ফরোয়ার্ড বিমল মাগারের গোলে ১-০ তে এগিয়ে ছিল নেপাল। ডিফেন্সিভ খেলতে গিয়ে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তিন বাহরাইন খেলোয়াড়কে।
তবে ম্যাচের শেষ মুহূর্তে নবযুগ শ্রেষ্ঠার জোড়া গোলে ৩-০ তে জয় নিশ্চিত হয় নেপালের। ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন বিমল মাগার। ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নিয়েছেন নবযুগ শ্রেষ্ঠা।
ম্যাচ শেষে বঙ্গবন্ধু গোল্ডকাপের নতুন চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যাম্পিয়ন হওয়ায় নেপালকে অভিনন্দনও জানান তিনি।
এর আগে মাঠে উপস্থিত থেকে কিছুটা সময় খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবগুলো দলকে অভিনন্দন জানান।
নেপালকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আজকের খেলা অত্যন্ত উপভোগ্য হয়েছে। যারা রানার্সআপ ও চ্যাম্পিয়ন হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। খেলা দেখে ভালো লেগেছে। বিশেষ করে হিমালয়ের দেশ নেপালকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা ভালো খেলেছে। আর এই আয়োজনের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশে ফুটবল খেলা ছড়িয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করি।’ এ সময় রানার আপ বাহরাইন দলকেও শুভেচ্ছা জানান তিনি।
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।