সিসি নিউজ: গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরি এলাকায় শাহীন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে খুনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শহীন বেতজুরি এলাকার সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সে দিনাজপুরের নবাবগঞ্জ থানার দক্ষিণ জয়দেবপুর গ্রামের এমদাদুল হকের ছেলে। এঘটনায় তাদের প্রতিবেশী পাপ্পু মিয়াকে আটক করেছে পুলিশ।
শাহীনের বাবা পাপ্পুর সহকর্মী এমদাদ পাওনা টাকা না দেওয়ায় তার ছেলেকে খুন করেছে বলে স্বীকার করেছে পাপ্পু। পাপ্পু দিনাজপুরের হাকিমপুর থানার টেংগ্রামের দেলুয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেল থেকে শাহীন নিখোঁজ ছিল। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন স্বজনরা। এক পর্যায়ে তারা জানতে পারেন যে, এলাকাবাসী বিকেলে পাপ্পুর সঙ্গে শাহীনকে দেখেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
শ্রীপুর থানার এসআই জাকির হোসেন জানান, পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বুধবার সন্ধ্যায় শাহীনকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে বেতজুরি খালের পাড়ে নিয়ে মাথায় লাঠি দিয়ে আঘাত করে পানিতে ফেলে দেয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ি বৃহস্পতিবার সকালে খাল থেকে শাহীনের লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, স্বীকারোক্তিতে পাপ্পু জানিয়েছে, শাহীনের বাবা এমদাদের সঙ্গে একই ওয়ার্কশপে কাজ করতো সে। পরে সেখান থেকে পাপ্পু অন্য কারখানায় চাকরি নিয়ে চলে যায়। কিন্তু চলে যাওয়ার সময় ওয়ার্কশপের মালিকের দেওয়া দুই মাসের বেতনের টাকা এমদাদ পাপ্পুকে না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই শাহীনকে হত্যা করেছে সে।