নেত্রকোনায়: নেত্রকোনায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল তানভীর আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ধর্ষিতা নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা গেছে, নেত্রকোনা পুলিশ লাইনের কনস্টেবল তানভীর আহমেদ স্ত্রী জান্নাতুলকে নিয়ে জেলা শহরের কাইলাটী এলাকায় নতুন জেলখানা রোডে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তানভীরের স্ত্রীও পুলিশের কনস্টেবল। চলতি মাসের প্রথম দিকে ওই গৃহকর্মী তার বাসায় কাজে যোগ দেয়। কাজে যোগ দেওয়ার শুরু থেকেই তানভীর ওই গৃহকর্মীকে উত্যক্ত করত।
গত ৩ ফেব্রুয়ারি স্ত্রী কর্মস্থলে চলে গেলে দরজা আটকিয়ে গৃহকর্মীকে ধর্ষণ করে এবং বাসায় আটকে রাখে। পরে ওই গৃহকর্মী মোবাইলে বিষয়টি তার বাবা-মাকে জানায়। তার বাবা তাকে নেওয়ার জন্য এলে তানভীর আহমেদ বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে। কাউকে বললে ক্রসফায়ারে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেয়।
এ ব্যাপারে গত ৬ মার্চ নেত্রকোনা মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। বৃহস্পতিবার নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালে গৃহকর্মী নিজেই বাদী হয়ে কনস্টেবল তানভীর আহমেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
বিচারক এ কে এম আবুল কাসেম বিষয়টি আমলে নিয়ে নেত্রকোনা ডিবি পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দেন।
নেত্রকোনা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মনোরঞ্জন সরকার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাদী ও তার পরিবার দরিদ্র। বাসায় কাজের মেয়ে হিসেবে এনে মেয়েটিকে ধর্ষণ করেছে ওই পুলিশ কনস্টেবল।’
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক জানান, পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে আদালতে মামলা হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। আদালত থেকে ডিবিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।