• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন |

জঙ্গিবাদের সহযোগীরা জাসদ ভেঙেছে: ইনু

ইনুঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ভেঙে যারা আলাদা কমিটি গঠন করেছেন তারা জঙ্গিবাদের সহযোগিতার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলেছেন দলটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রবিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

হাসানুল হক ইনু দাবি করেন, মঈনুদ্দিন খান বাদল এমপি, শরীফ নুরুল আম্বিয়া, ডা. মোশতাক হোসেন ও নাজমুল হক প্রধান এমপি ষড়যন্ত্র করে জাসদ ভেঙেছেন।

তিনি এই নেতাদের বিভ্রান্তি ত্যাগ করে পুনরায় জাসদে ফিরে আসার আহ্বান জানান।

জাসদ সভাপতি বলেন, ‘আমরা এখনও জঙ্গিবাদ ও তাদের সহযোগী খালেদা জিয়ার ষড়যন্ত্র নিশ্চিহ্ন করার লড়াইয়ে আছি। সেই লড়াই আমরা শেষ পর্যন্ত চালিয়ে যেতে চাই। কিন্তু আজ যারা জাসদকে ভেঙেছেন তারা ওই জঙ্গিবাদকে সহযোগিতার ষড়যন্ত্র করছেন।’

এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই নেতারা জাসদের সম্মেলনে সরকার এবং ১৪ দল থেকে দলকে বেরিয়ে আসারও প্রস্তাব করেছিলেন বলে অভিযোগ তোলেন ইনু। তিনি বলেন, বিভ্রান্ত না হয়ে তাদের জাসদে ফিরে আসার আহ্বান জানাই আমি।

জাসদে আকস্মিক এই ভাঙন হয়েছে কাউন্সিলে নতুন সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে। ওই পদে স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার এমপির নাম প্রস্তাব হলে প্রতিদ্বন্দ্বী হিসেবে আরেক সাংসদ নাজমুল হক প্রধানের নাম আসে।

এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে কাউন্সিল থেকে বেরিয়ে এসে শনিবার জাসদের নামে নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও প্রধানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অপরদিকে হাসানুল হক ইনু ও শিরিন আক্তারের নেতৃত্বে জাসদের নতুন কমিটি হয়েছে।

বিদ্রোহী কমিটিতে কার্যকরী সভাপতির দায়িত্ব পাওয়া বাদলের দাবি, দশম সংসদে দল থেকে যে ছয়জন এমপি আছেন তাদের চারজনই তাদের সঙ্গে। এছাড়া দলের স্থায়ী কমিটির ১৪ সদস্যের ১০ জনই বেরিয়ে এসেছেন।

এদিকে আজ জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঈনুদ্দিন খান বাদল বলেন, ‘মন্ত্রী হওয়ার পর আর্থিক বিষয়ে উনার (ইনু) আচরণ সম্পর্কে দলে বার বার প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে অস্পষ্টতা আছে, অস্বচ্ছতা আছে। দলীয় সভাপতি ব্যক্তিগত রাগ-অনুরাগ,ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি তাই নিয়েছেন।’

‘আমাদের সবচেয়ে বড় অভিযোগ, তিনি ছয় বছর আমাদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়াকে কোনো কাজ করতে দেন নাই; বাধা সৃষ্টি করেছেন,’ বলেন বাদল।

তিনি বলেন, ‘আমাদের কাউন্সিলে সিদ্ধান্ত ছিল সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যকরী সভাপতি একবারের বেশি স্বপদে থাকতে পারবেন না। সে একবারের বদলে আমরা তিনবার (ইনুর সভাপতিত্ব) পার করে দিয়েছি।’

ইনুর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাসদের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, অ্যাডভোকেট রবিউল আলম, মীর হোসাইন আখতার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ