খেলাধুলা ডেস্ক: নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এখনই আন্তর্জাতিক ক্রিকেট বা বিপিএলে খেলতে পারবেন না। তার আইনজীবী বলেছেন, এখন ঘরোয়া ক্রিকেটে খেলতে পারলেও আন্তর্জাতিক ক্রিকেট বা বিপিএলের জন্য ২০১৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে।
২০১৩ সালে বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকায় আশরাফুলকে তিন বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ আট বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবির গঠিত বিশেষ ট্রাইব্যুনাল।পরে আশরাফুল আপিল করলে সেই নিষেধাজ্ঞা কমে আসে দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছরে।
টেস্টে মাত্র ১৭ বছর বয়সে অভিষিক্ত হওয়া মোহাম্মদ আশরাফুল ৬১টি টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ২৩ টি টি-২০ ম্যাচ খেলেছেন। আশরাফুল বলেছেন, এখন আমার অগ্রাধিকার হবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা। সেটি করতে পারলে আশা করি বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেবে।সূত্র : বিবিসি