সিসি ডেস্ক: বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের তৃতীয় ম্যাচ চলাকালে নিরাপত্তা বলয় ভেদ করে মাঠে ঢুকে পড়েন মাশরাফি বিন মর্তুজার এক ‘ভক্ত’। উদ্দেশ্য মাশরাফিকে একবার ছুঁয়ে দেখা। প্রথমে ভয় পেলেও পরে মাশরাফি তার সাথে হাত মেলান, বুকেও জড়িয়ে নেন।
তবে বিষয়টিকে ভালোভাবে নেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফল হিসেবে রাতটা মিরপুর থানার হাজতখানাতেই কাটাতে হয়েছে সেই ভক্ত ও তার বন্ধুদের।
জানা গেছে, মাঠে ঢুকে পড়া মাশরাফির সেই ভক্তের নাম মেহেদী হাসান সৈকত। তিনি ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। মেহেদীসহ তার চার বন্ধুকে শনিবার রাতে মিরপুর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এই ঘটনার পর সেই মাশরাফি ভক্তের মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন অনেকে। ইউটিউবে ভিডিও আপলোড করে সহানূভুতি জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন ইভেন্ট খুলেও তার মুক্তির দাবি জানানো হচ্ছে।