খেলাধুলা ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে মোস্তাফিজকে রেখে দিয়েছে আগের দল লাহোর কালান্দারস। মোস্তাফিজ ছাড়াও দলটির বিদেশি কোটায় আছেন ব্রেন্ডন ম্যাককুলাম, কেভন কুপার আর ডুয়াইন ব্রাভো।
আগামী ১৮ ও ১৯ অক্টোবর প্লেয়ার বাই চয়েজ অনুষ্ঠিত হবে। তার আগে টুর্নামেন্টের ৫টি দল তাদের পুরনো ক্রিকেটারদের রেখে দেয়ার তালিকা জমা দেয়।
এর আগে পিএসএলের প্রথম আসরে ইনজুরির ঝুঁকি থাকায় খেলতে পারেননি পেসার মোস্তাফিজুর রহমান। তবে লাহোর কালান্দারসের আশা, এবার তারা মোস্তাফিজকে খেলাতে পারবেন। যদিও এ ব্যাপারে বিসিবি থেকে এখনও কোনো সিদ্বান্ত হয়নি।
কাঁধে অস্ত্রোপচারের পর মোস্তাফিজ রিহ্যাবে রয়েছেন মোস্তাফিজ। আর সে কারণে তিনি ঘরোয়া লিগ বিপিএলও খেলবেন না। তবে আশা করা হচ্ছে ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর দিয়েই তার মাঠে ফেরা হবে।
পিএসএলের প্রথম আসরের ড্রাফটে ১০ বাংলাদেশি ক্রিকেটার থাকলেও ডাক পেয়েছিলেন চারজন। তামিম খেলেছিলেন পেশোয়ার জালমির হয়ে। সাকিব আর মুশফিক ছিলেন করাচি কিংসের। আর মোস্তাফিজের দল ছিল লাহোর কালান্দারস।