নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় মাইক্রোবাসের ধাক্কায় নুর হোসেন (৪৮) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে জেলার নীলফামারী ডালিয়া সড়কের ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী স্লুইচগেট নামক স্থানে। নিহত ভ্যানচালক ডিমলা উপজেলার উত্তর সোনাখুলী গ্রামের মহির উদ্দিনের ছেলে। জানা যায়, আজ দুপুরে নিহত ভ্যান চালক ওই সড়ক ধরে তার ভ্যান নিয়ে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক হতে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।