খেলাধুলা ডেস্ক: বিরল রেকর্ড গড়লেন পাকিস্তানের মিডল-অর্ডার ব্যাটসম্যান ইউনুস খান। শেষ টেস্টের তৃতীয় দিন বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ৩৪তম শতক তুলে নেন তিনি।
ক্রিকেট জন্মের পর থেকে তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্ট খেলুড়ে ১১টি দেশের বিপক্ষে শতক গড়ার গৌরব অর্জন করেছেন। এই শতকের পথেই ৩৯ বছর বয়সী বিরল এই রেকর্ডের মালিক হলেন।
এর আগে ভারতের ‘দ্য ওয়াল’খ্যাত রাহুল দ্রাবিড় ১০টি দেশের বিপক্ষে শতক করার রেকর্ড গড়েছিলেন। কিন্তু ইউনুস খান পূর্ণাঙ্গ সদস্য ১০টি দেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শতক করেছেন।
ইউনুস খান আরো একটি মাইলফলকের সামনে রয়েছেন। এই টেস্টের আগে তিনি ১১৪ টেস্টে ৯ হাজার ৭৮৯ রান করেছেন। আর ২১১ রান করতে পারলেই ইউনুস খান ১০ হাজারি ক্লাবের সদস্য হবেন।
১৩৪ রানে আপরাজিত আছেন ইউনুস।
অস্ট্রেলিয়ায় সিডনি টেস্টে প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৫৩৮ রানের জবাবে ব্যাট করছে পাকিস্তান। নিজেদের ইনিংসের শুরুতে দলীয় ৬ রানেই ২ উইকেটে হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। তবে সেই বিপর্যয় থেকে দলকে টেনে তোলোর চেষ্টা করেন ইউনুস খান ও আজহার আলী।